ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। আখতার আহমেদ জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় এসংক্রান্ত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী তফসিল ঘোষণা করা হলো। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

আখতার আহমেদ জানান, আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ব্রিফিংয়ে বলা হয়, নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দিন খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মনির হোসেন। এ ছাড়া চারজন পোলিং এজেন্ট নিয়োজিত থাকবেন।

সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ৫০টি।

আখতার আহমেদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে থাকছে না। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও কোনো জোটে থাকছেন না।

আজ বৃহস্পতিবার শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানান ইসির জ্যেষ্ঠ সচিব। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব আসনের নির্বাচনি প্রস্তুতি সন্তোষজনক। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তা বজায় রাখতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত