ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়া ও শেরপুরে বিএনপির জয়

বগুড়া ও শেরপুরে বিএনপির জয়

জাতীয় সংসদের বগুড়া-৬ (উপনির্বাচন) ও শেরপুর-৩ আসনের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেল। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ আসনের রিটানিং কর্মকর্তা তাদের বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৯৬টি। ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বগুড়া-৬ আসনে বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রহসনের নির্বাচনের দাবি প্রার্থীর : বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও ভোটের ফলাফল পাল্টানোর মাধ্যমে মাগুরা উপনির্বাচনের মতো আরেকটি পাতানো ও প্রহসনের নির্বাচন করার চেষ্টার অভিযোগ করেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বগুড়া পৌরসভার মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা শুরু থেকেই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে জেতানোর নানা ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল পাল্টাতে ভোট গ্রহণের আগেই এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এ ছাড়া শহরের সিটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগেই ব্যালট পেপারে সিল-স্বাক্ষর দিয়ে রেখেছেন। আবিদুর রহমান অভিযোগ করেন, মব সৃষ্টি করে সদর উপজেলার পাঁচবাড়িয়া ভোটকেন্দ্র দখলে নেওয়া হয়েছে। নারী ভোটারদের আসতে বাধা দেওয়া হয়েছে। ঠনঠনিয়া নূর আলা আল মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। কিছু কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিএনপিকে জেতানোর জন্য বিশেষ কিছু কেন্দ্রে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন। অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ এসব অভিযোগ ও প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসন নিরপেক্ষ থাকলে শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে থাকবেন বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন। ফলাফল শিটে আগেভাগে স্বাক্ষর নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে।’

ফলাফল শিটে আগেভাগে স্বাক্ষর : জামায়াতের প্রার্থী আবিদুর রহমান অভিযোগ করেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরু ইসলাম ভোট গ্রহণের শুরুতেই বুথে বুথে থাকা প্রার্থীর এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া শুরু করেন। চাপে পড়ে প্রার্থীর কয়েকজন এজেন্ট স্বাক্ষর দেন। কয়েকজন এজেন্ট প্রতিবাদ জানান। বিষয়টি জানাজানি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রে উপস্থিত হন। পরিস্থিতি সামাল দিতে এজেন্টদের স্বাক্ষর নেওয়া ফলাফল শিটটি ছিঁড়ে ফেলা হয়।

জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নূর ইসলাম বলেন, ‘এজেন্টদের স্বাক্ষর নেওয়া হলেও সেখানে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না। এজেন্টরা নিজেরাই ফলাফল শিটে স্বাক্ষর করেছেন। কাউকে স্বাক্ষর করার জন্য চাপ দেওয়া হয়নি। এ নিয়ে একজন প্রার্থীর এজেন্ট আপত্তি তোলায় পরে তা ছিঁড়ে ফেলা হয়েছে।’

শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের : অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। বৃহস্পতিবার দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। তিনি অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।

জাল ভোট দিতে দিয়ে আটক : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে লংপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল দেওয়ার অভিযোগে ছয় যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১১টার দিকে তাদের আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ। আটক ব্যক্তিরা হলেন— জহিরুল, মাসুদ রানা, খোকন, পিপুল, আরিফুল ও লাইজু মিয়া। প্রিসাইডিং অফিসার বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই জাল ভোট দিতে আসেন। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের রুমে আটক করে রাখা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানা হেফাজতে নিয়ে যান। সিজেএম কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন বলেন, ‘আটক ব্যক্তিদের থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়া ও শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখা হবে- ইসি সচিব : বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট পর বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত