
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি খাতে সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা হওয়া উচিত। এ কারণে সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে। তবে জ্বালানি সংকট নিয়ে জনমনে উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো জ্বালানির ঘাটতি নেই। অযথা মজুত বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত সরবরাহ বজায় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলেই সরবরাহ বজায় থাকবে।
সরকারের তদারকি কার্যক্রমের বিষয়ে তিনি জানান, শুধু গতকালই সারা দেশে ৩৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১৯২টি মামলা দায়ের এবং ৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৭ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।