ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল, বিরোধীদলের ওয়াকআউট

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল, বিরোধীদলের ওয়াকআউট

স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, ২০২৬ পাসের পর জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামীর এমপিরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য এখন সংসদ থেকে ওয়াকআউট করছি।” এরপর বিরোধীদলীয় জোটের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং- সব রিডিংয়ে উনারা সহযোগিতা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না? এটা জানার জন্য।”

তিনি বিরোধীদলীয় এমপিদের অধিবেশনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, “আশা করি মাগরিবের নামাজের পর আবার অংশগ্রহণ করবেন।”

এদিন যেসব বিল পাস হয়েছে তার মধ্যে অন্তত ছয়টি বিল নিয়ে আপত্তি তোলে বিরোধীদল। সময় স্বল্পতা ও পর্যাপ্ত বিতর্কের সুযোগ না থাকা নিয়েও আপত্তি জানানো হয়।

এর আগে সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি হুবহু, ১৫টি সংশোধন করে এবং ১৬টি পরে আরও যাচাই-বাছাই করে বিল আকারে আনার সুপারিশ করে।

গতকাল বৃহস্পতিবারের অধিবেশনেও সময় বণ্টন নিয়ে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, বিরোধী সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, অথচ মন্ত্রীরা দীর্ঘ সময় ধরে জবাব দিচ্ছেন।

পরে স্পিকার বলেন, আগের নজিরে আপত্তি উত্থাপনের ক্ষেত্রে দুই মিনিট সময় দেওয়া হলেও যৌক্তিক প্রস্তাব থাকলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে।

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন বিল পাস : বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে বিলটি সংসদে উত্থাপন করেন, তা সেভাবেই পাস হয়। সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এর আগে (কুমিল্লা-৪) আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়। বিলটি পাসের ফলে অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত অধ্যাদেশ বাতিল হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ২০০৯ সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হবে।

বিলটি উত্থাপনে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজকে যাঁরা সরকারি বেঞ্চ রয়েছেন, তাঁরা চব্বিশের জুলাইয়ের আগে হলে এই বিল পাসের বিরোধিতা করতেন। এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক দমন-পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নিই না। এটা এই বছর পাস না করি, আগামী বছর পাস না করি, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন পাস হবেই হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সংসদে আজকে যে পাটাতনের ওপর দাঁড়িয়ে আছি, এই সংসদ, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সরকারি বেঞ্চে যাঁরা উপস্থিত আছেন, প্রত্যেকে এই সংসদে আসার পথে যে ক্রান্তিকালীন পর্যায়ে অতিক্রম করে এখানে এসেছেন। এই পুরো জার্নির পেছনে যে আইন জড়িত, তা নিয়ে আপত্তি উত্থাপন করছি। এটার আলোচনার জন্য দুই মিনিট সময় অপ্রতুল।’

এ পর্যায়ে স্পিকার মাইক বন্ধ করে দিলে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদে বিভিন্ন বিষয়ে প্রশংসা, অন্য বিষয়ে অনেক সময় অপচয় হয়। জাতির জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়ে তিনি আলোচনার জন্য সময় বাড়িয়ে দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান।

সময় বাড়িয়ে দিলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকে যে আইনটি পাস করার কথা বলাা হচ্ছে, তার মধ্য দিয়ে ২০০৯ সালের মানবাধিকার কমিশনকে রিস্টোর (পুনঃপ্রচলন) করবে। জাতীয় মানবাধিকার কমিশনের ২০০৯ সালের যে আইন রয়েছে, সেই আইনের প্রয়োগ দীর্ঘ ১৭ বছরে হয়েছে আমরা তা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনকে “বিরোধী দল ও মতকে দমন কমিশন” হিসেবে ব্যবহৃত হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা মানবাধিকার কমিশন উৎপাদন করেছে।’

হাসনাত বলেন, ‘আমরা জাতীয় মানবাধিকার কমিশনকে বলতে শুনেছি, জামায়াতের নেতা-কর্মীদের গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা যদি জাতীয় মানবাধিকার কমিশন ২০০৯-এ যদি ফিরে যাই, আজকে যদি ২০২৫-এর অধ্যাদেশকে ল্যাপস করে দেওয়া হয়, তাহলে আমরা যে ফরওয়াডিং মুভে ছিলাম, সেখান থেকে জাতি আবারও ব্যাকওয়ার্ডে যাবে। জাতি পিছিয়ে পড়ার একটি টেক্সটবুক উদাহরণ হিসেবে এই সংসদে এটি থাকবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের মানবাধিকার কমিশন আদতে কোনো আইন নয়, এটিতে সরকারি আরেকটি দপ্তর বানানো হয়েছিল। সেখানে স্পিকারের নেতৃত্বে যে ‘সিলেকশন কমিটি’ করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সরকারদলীয় এমপি ও একজন সচিব থাকেন। ছয় সদস্যবিশিষ্ট বোর্ডের পাঁচজনই সরকারদলীয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যের উল্লেখ করে হাসনাত বলেন, ‘আমাদের এলজিআরডিমন্ত্রী (মির্জা ফখরুল ইসলাম) বলেছিলেন, এটা “বিরোধী দল দমন কমিশন” হিসেবে ফাংকশন করে। মানবাধিকার কমিশন যখন বিরোধী দল ও মত দমন কমিশন হিসেবে ফাংশন করে, আমরা যদি দেখি আদতে মানবাধিকার যেসব ক্ষেত্রে ক্ষুণ্ন হয়েছে, তা সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র‍্যাবসহ বিভিন্ন বাহিনী সরাসরি সংযুক্ততা আমরা দেখেছি। মানবাধিকারকে তারা ক্ষুণ্ন করেছে।’

এই সংসদ সদস্য বলেন, ‘২০০৯ সালের মানবাধিকার কমিশন আমরা দেখেছি। কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো তদন্ত পরিচালনা করতে চাইলে সেই বাহিনীর পূর্বানুমতি লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ন করবে, সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে, তা এই সংসদের প্রত্যেক সদস্য তা জানেন।’

হাসনাত আবদুল্লাহকে দেওয়া ৪ মিনিট সময় শেষ হয়ে যাওয়ার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নেন। তিনি বলেন, এই বিষয়টি স্বচ্ছ রাজনীতি ও মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এ জন্য এ বিষয়ে আলোচনার জন্য আরও সময় দেওয়া দরকার। জবাবে স্পিকার বলেন, ‘আমরা অতীতে ছয়টি সংসদ দেখেছি।’ এ পর্যায়ে স্পিকার হাসনাত আবদুল্লাহকে আরও দুই মিনিট সময় বাড়িয়ে দেন।

হাসনাত বলেন, ‘আজকে যদি ২০২৪ সালের মে মাস হতো, আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদে এমন কোনো সদস্য নেই যে এর বিরোধিতা করত। প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে, ২০০৮ সাল, ২০১৮ সালে আপনারা এই পাশে ছিলেন। আজকে আপনারা ওই পাশে (সরকারি দলে) গিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ হয়েছেন। আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন। চব্বিশ সালের জুলাইয়ের কোনো মাসে, ফেব্রুয়ারি-জানুয়ারি-মার্চ; তৎকালীন ফ্যাসিবাদ সময়ে যদি এই বিলটি, ২০২৫ সালের অধ্যাদেশটি এই সংসদে তোলা হতো, সবাই চাইতেন বিলটি যেন পাস করা হয়।’

হাসনাত আরও বলেন, ‘সময় পাল্টেছে, ঋতু পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আজকে জাতীয় মানবাধিকর কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান নৈতিককতার দিক থেকে টেক্সবুক এক্সামপল হিসেবে থাকবে।’

বিরোধীদলীয় এই সদস্য বলেন, এই আইন শুধু মানবাধিকার কমিশনের সঙ্গে সম্পৃক্ত নয়। আরও দুটি অধ্যাদেশের সঙ্গে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশ ও জুলাই গণ–অভ্যুত্থান দায়মুক্তির অধ্যাদেশের সঙ্গে সম্পর্কিত। ২০২৫ সালের মানবাধিকার কমিশন ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি দুটি অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হবে।

হাসনাত আবদুল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সরকার পরবর্তী সময়ে এই অধ্যাদেশকে রাজনৈতিক দমন-পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করবে না, সেটার কোনো নিশ্চয়তা নেই। আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নিই না। এটা এই বছর পাস না করি, আগামী বছর পাস না করি, সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো ল্যাপস করা যাবে। কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকর কমিশন অবশ্যই পাস হবেই হবে।’

বিলে যা আছে : বিলে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন হওয়ায় ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করা হচ্ছে। ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) আইন, ২০২৬’ শিরোনামের এই বিলে বলা হয়, আইনটি অবিলম্বে কার্যকর হবে।

এর ২ ধারায় বলা হয়েছে, ২০২৫ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের মাধ্যমে রহিত হওয়া ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন একই নম্বর ও একই সালের আইন হিসেবে পুনঃপ্রচলিত হবে। আর ৩ ধারায় ২০২৪ সালের জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সালের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং একই বছরের জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ রহিত করার কথা বলা হয়েছে।

তবে ওই ধারায় এটাও বলা আছে, রহিত হওয়া অধ্যাদেশগুলোর অধীনে আগে যেসব কাজ করা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলেই গণ্য হবে।

বিলের সঙ্গে যুক্ত ‘উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতি’তে বলা হয়েছে, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৬ নম্বর অধ্যাদেশের মাধ্যমে তাতে কিছু সংশোধন আনা হয়। এরপর বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওই আইন রহিত করে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় এবং পরে ২০২৫ সালের ৭৪ নম্বর অধ্যাদেশ দিয়ে সেই অধ্যাদেশেও সংশোধন আনা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের অধ্যাদেশের বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ গ্রহণ ও যাচাই-বাছাই প্রয়োজন। সে কারণেই ওই অধ্যাদেশ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশটি চূড়ান্তভাবে বাতিল করে পুরোনো কাঠামোয় ফিরে যাওয়ার জন্য নয়, বরং আরও পরামর্শ ও যাচাই-বাছাইয়ের সুযোগ রাখতেই ২০০৯ সালের আইন আপাতত পুনঃপ্রচলন করা হচ্ছে। তিনি বলেন, বিলের শুরুতেই বলা আছে, ২০২৫ সালের অধ্যাদেশটি ‘সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই–বাছাই’ সাপেক্ষ। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের জায়গাটা যেন অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা ২০০৯ সালের আইনটাকে রিস্টোর করেছি, কেউ যাতে বলতে না পারে যে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই।’

২০২৫ সালের অধ্যাদেশে এমন কিছু অস্পষ্টতা আছে, যা ভুক্তভোগীর জন্যও নতুন ধরনের ভোগান্তি তৈরি করতে পারে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। এর ব্যাখ্যায় তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বা অভিযোগের ভিত্তিতে নিতে পারবে বলা হলেও অভিযোগ নেওয়ার পর কত দিনের মধ্যে তা অনুসন্ধান বা তদন্তে পাঠাতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই।

আইনমন্ত্রী বলেন, প্রাথমিক অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ তদন্ত কত দিনে শেষ হবে, তারও সময়সীমা নেই। তদন্ত শেষে কমিশন জরিমানা, ক্ষতিপূরণ, মামলা করার সুপারিশ বা নিজে বাদী হয়ে মামলা করার মতো পদক্ষেপ নিতে পারবে বলা হলেও, এসব ক্ষেত্রে কীভাবে তা কার্যকর হবে, আইনটিতে তার স্পষ্ট কাঠামো নেই। মো. আসাদুজ্জামান বলেন, জরিমানা কত টাকা হবে, কীভাবে আদায় হবে, কোন আইনে হবে তার কোনো গাইডলাইন এখানে দেওয়া নেই। ক্ষতিপূরণ কত টাকা হবে, কী পরিমাণ হবে, কী গাইডলাইন হবে, কীভাবে আদায় হবে, কার কাছে যাবে, তার কোনো গাইডলাইন এই আইনের মধ্যে নেই।

তদন্ত ও শুনানি শেষে কমিশন যদি আবার নিজেই এক পক্ষের হয়ে মামলা করে, তাহলে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘ক্যান ইট বি কলড আ নিউট্রাল ল? ক্যান ইট বি কলড জাস্ট অ্যান্ড প্রপার ল? এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে আসে তখন আমাদেরকে বিলের প্রথম লাইনেই বলতে হয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন।’

গুম আইন নিয়েও ‘অস্পষ্টতা’র কথা : আইনমন্ত্রী বলেন, ২০২৫ সালের অধ্যাদেশের সঙ্গে গুম-সংক্রান্ত আইনগত কাঠামোর সম্পর্ক ‘স্পষ্ট নয়’। তাঁর ভাষায়, গুম আইনে তদন্তের দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর থাকলেও আলাদা ‘গুম কমিশন’ গঠনের কোনো সুস্পষ্ট কাঠামো রাখা হয়নি। তাতে আইনি দ্ব্যর্থকতা তৈরি হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, আইনের এই ‘অ্যামবিগুইটি’ (অস্পষ্টতা) থাকতে পারে না। আইন স্বচ্ছ হতে হবে। আইন পরিষ্কার হতে হবে। এ কারণেই আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের মধ্য দিয়ে নিতে হবে।

ভারত থেকে আসবে রেলের ২০০ ব্রডগেজ কোচ, চালু হবে নতুন রুট : ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আসার পর রেলের নতুন রুট চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও জানিয়েছেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে চলতি বছর থেকেই বাংলাদেশ রেলওয়ে ব্রডগেজ কোচ পেতে শুরু করবে। গতকাল বৃহস্পতিবার জামায়াতের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়। রেলমন্ত্রী বলেন, একটি প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত হবে। কোচগুলো আসার পর রেলের নতুন রুট নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে রবিউল বলেন, বর্তমানে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। ভারত থেকে নতুন কোচ আসার পর এই সংখ্যা বাড়ানো হবে।

বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ০৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার মিটারগেজ, ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার ব্রডগেজ ও ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার ডুয়ালগেজ। নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন নির্মাণে সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে বলেও জানান তিনি। রবিউল আরও জানান, যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এবং পণ্য পরিবহনের মাধ্যমে রেলের আয় বাড়াতে শিগগির ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প প্রক্রিয়াধীন।

‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিলেন হানজালা: জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। হানজালা বলেছেন, এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে নোটিশটি উত্থাপিত হয়।

সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকায় তাঁকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়। এটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ভীষণ হেয় প্রতিপন্ন হচ্ছেন। জাতীয় সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করছেন।

‘জঙ্গি’ শব্দটিকে ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’ আখ্যা দিয়ে এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ‘ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে’ বিভিন্ন অপবাদ দিয়ে তারা হেয় প্রতিপন্ন করছে। তিনি সরকারি ও বিরোধী দলনির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্পিকারের উদ্দেশে হানজালা বলেন, ‘আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তাঁর সম্মান নিয়ে থাকতে পারেন। কারও সম্মান ভবিষ্যতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।’

স্পিকারের মাধ্যমে হানজালার বিশেষ অধিকারের বিষয়টি অধিকতর পরীক্ষা করা, তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিশেষ অধিকার–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

এ মানবাধিকার কমিশন হলো বিরোধী দল দমন কমিশন : জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ হিসেবে আখ্যা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এ আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের পর এর বিরোধিতা করে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

হাসনাত আবদুল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ একটি জাতীয় ইস্যুতে আলোচনার জন্য তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অপ্রতুল। সংসদে অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়ে সময় ব্যয় হলেও এমন মৌলিক বিষয়ে পর্যাপ্ত সময় না দেওয়া দুঃখজনক।

২০০৯ সালের মানবাধিকার কমিশন আইনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অতীতে এই কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার ভাষায়, এ কমিশন বিরোধী দল দমনে ব্যবহৃত হয়েছে এবং একটি পক্ষকে দমন করার বৈধতা দিয়েছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করে পুরোনো আইনে ফিরে যাওয়া একটি ‘পশ্চাৎমুখী পদক্ষেপ’ যা জাতির অগ্রগতিকে ব্যাহত করবে। কমিশন গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, ছয় সদস্যের সিলেকশন কমিটিতে অধিকাংশই সরকারপক্ষের হওয়ায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

এছাড়া মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সরকারি অনুমতির বাধ্যবাধকতা নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, যেখানে সরকার বা বাহিনী জড়িত থাকতে পারে, সেখানে তাদের অনুমতি নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। বিলটি উত্থাপনের পর সংসদে বিরোধী দলের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত