ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

এমপি হওয়ার স্বপ্ন শেষ তাবাসসুমের, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা

এমপি হওয়ার স্বপ্ন শেষ তাবাসসুমের, মনিরাকে ঘিরেও অনিশ্চয়তা

নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরআগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনে ১১-দলীয় জোটের ১৩টি মনোনয়নের মধ্যে প্রাথমিকভাবে ১২টি গৃহীত হয়েছে।

সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করেছে ইসি। এই সময়ের মধ্যে তাঁকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইসির কাছে জমা দিতে হবে।

গতকাল বুধবার দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে আজ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলের ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মনিরা ছাড়া বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ হয়েছে।

দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা ১৩টি বাছাই করেছি, এরমধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হল। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমান (পেন্ডিং)। আজ দুপুর ১২ টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এ জন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।’

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বা এই পদে বহাল থাকার সুযোগ নেই। এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দিয়েছিলেন। বছরখানেক চাকরি করার পর গত বছরের (২০২৫ সাল) ডিসেম্বরে তিনি চাকরি ছেড়ে দেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মনিরা শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, চাকরি স্থায়ী হওয়ার আগেই মনিরা শারমিন কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছিলেন। ফলে তিন বছরের বাধ্যবাধকতার বিষয়টি মনিরা শারমিনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা নয়। এদিকে এনসিপির পক্ষ থেকে গত মঙ্গলবার নির্ধারিত সময়ের পরে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দেওয়া হলেও তা আর আমলে নেয় নি রিটার্নিং অফিসার। উল্লেখ্য, সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। জামায়াত জোটের যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ তারা হলেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, জামায়াতের ছাত্রী সংসঠন ইসলামী ছাত্রীসংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পরে সাংবাদিকদের জানান, ‘আমাদের জোটের ১২টি মনোনয়নপত্র বৈধ হয়েছে, এনসিপির মনিরা শারমিনের একটি মনোনয়নপত্রের বিষয়ে আজ ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাগজপত্র উপস্থাপন করা হবে।’ আজ বৃহস্পতিবার জোটের এ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে আশা করেন তিনি। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১ টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও তিনজন আলাদাভাবে মনোয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর ও তার জোটের শরিকদের জন্য বরাদ্দ ১৩ আসনের মধ্যে জামায়াত আটজন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন পেয়েছেন। একটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মাকে। আজ বৃহস্পতিবার বিএনপি’র ৩৬টি আসনের প্রার্থীদের এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত