
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ জামালপুরে পৌঁছেছে। গতকাল সোমবার বিকেল ৩টা ১৭ মিনিটে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইতলা ইউনিয়নের লালডোবা এলাকায় তার নিজ বাড়িতে অ্যাম্বুলেন্সে লাশ পৌঁছায়। গতকাল বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির পাশে পরিবারিক কবরস্থানে লিমনকে দাফন করা হয়। লিমনকে শেষবারের মতো দেখতে নিহতের স্বজনরা গ্রামের বাড়িতে আসে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন তারা।
নিহত লিমনের বড় চাচা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না।
আমার ছেলে কী কষ্টের মধ্য দিয়ে গেছে, তা ওপরওয়ালাই জানেন- লিমনের বাবা : যুক্তরাষ্ট্রে নিহত জামিল আহমেদ লিমনের লাশ দেশে পৌঁছেছে। গতকাল সোমবার সকালে তার মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন লিমনের পরিবারের সদস্যরা। লিমনের বাবা জহুরুল হক বলেন, তিনি ছেলেকে অনেক যত্ন করে বড় করেছেন এবং কখনোই তাকে কষ্ট দেননি। তিনি বলেন, ‘আমার ছেলে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি, কোনো প্রকার কষ্ট দিইনি, কোনো প্রকার আঘাত করিনি। কোনোদিন শারীরিক শাস্তি দিইনি ওদের। যা শাসন করেছি, আমি মুখে শাসন করেছি। আমি কখনও কল্পনাও করিনি, আমার ছেলে এভাবে মারা যাবে।’ তিনি বলেন, ‘সে কী কষ্টের মধ্য দিয়ে গেছে, তা ওপরওয়ালাই জানেন।’
লিমনের এক আত্মীয় জানান, লাশ জামালপুরের মাদারগঞ্জে তার পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার আগে লিমনের রুমমেটের সঙ্গে ঝগড়ার বিষয়ে পরিবার কোনো আভাস পায়নি। ওই আত্মীয় বলেন, সে তার রুমমেটের সঙ্গে কোনো ঝগড়া বা সমস্যার কথা কখনো পরিবারের সঙ্গে শেয়ার করেনি। সবকিছু স্বাভাবিক বলেই মনে হতো। আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র- দুই দেশের সরকারের কাছেই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি ছাত্র ছিলেন ২৭ বছরের তরুণ লিমন। গত ১৬ এপ্রিল তিনি এবং বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী নিখোঁজ হন। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি ছাত্র ছিলেন ২৭ বছরের তরুণ লিমন। গত ১৬ এপ্রিল তিনি এবং বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী নিখোঁজ হন। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের কাছ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। এর দুদিন পর ২৬ এপ্রিল জেলেরা পাশের একটি জঙ্গল (ম্যানগ্রোভ) থেকে বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ খুঁজে পায়।