ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অবশেষে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজয়ের টিভিকে

অবশেষে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজয়ের টিভিকে

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে দলটি। সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯-এ পৌঁছেছে, যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই। গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়। গত বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর বিজয়কে প্রশ্ন করেছিলেন, ‘মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’ পাশাপাশি কোন কোন দল টিভিকেকে সমর্থন দেবে, সেটিও জানতে চান তিনি। তখন বিজয়ের জবাবে সন্তুষ্ট হননি গভর্নর। এরপর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয় জোট ও সমর্থন নিয়ে তীব্র দরকষাকষি। শুরুতেই কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দেয়। তবে তারা শর্ত দেয়, বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে কোনো জোট করা যাবে না। সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি হয়েছিল ভিসিকে ও দুই বাম দলের অবস্থান ঘিরে। কারণ নির্বাচনের আগে তারা ডিএমকের জোটে ছিল। শেষ পর্যন্ত ওই দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজয়কে সমর্থন দেওয়া সব দল পাচ্ছে মন্ত্রণালয়, কে কয়টি : তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এগোচ্ছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, জোটের অংশ হিসেবে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চিকে (ভিসিকে) একটি মন্ত্রণালয় দেওয়া হবে। আর বাম দল- ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও সিপিএমের জন্য রাখা হচ্ছে দুটি মন্ত্রণালয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এদিকে গত বুধবার বিজয়কে সর্মথন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জানা গেছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে রাহুল গান্ধীর দলটি। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয় দলটিকে। শেষ পর্যন্ত কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে টিভিকে। বিশ্লেষকদের মতে, ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বৈত আধিপত্য ভেঙে বিজয়ের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই জোট সরকার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত