ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রধানমন্ত্রীর

* শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর * চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লাকে বিভাগ করার দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় কুমিল্লা বিভাগ চেয়ে বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।”

একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সরকারপ্রধান। বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী পথসভা মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর তরফে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এ সময় কর্মীরা তুমুল করতালি দিয়ে কৃষিমন্ত্রীকে সমর্থন জানান। একইভাবে স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগ করা, কুমিল্লা সদর হাসপাতালকে আড়াইশ’ বা তিনশ’ শয্যায় উন্নীত করার দাবি জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে এই পথসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।” এদিন সকাল ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেষ্টুন নিয়ে এই পথসভায় সমবেত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠের পথসভাটি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়। সরকারপ্রধান এদিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করবেন। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এছাড়া চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

শাহরাস্তির খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি গতকাল শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের পাড়ে বৃক্ষরোপণ করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। ৪৮ বছর পর সেই খাল পুনঃখনন করলেন তাঁর ছেলে তারেক রহমান।

খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন শেষে পাশে তৈরি মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। খালের দুই পাশে কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থকরা তুমুল স্লোগান ও করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী এরপর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্বখাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করবেন । বিশ্বখালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ একটি খাল।

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাটের সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি খালে নেমে নিজ হাতে কোদাল দিয়ে খালের মাটি পুনঃখনন করেন। এরপর প্রধানমন্ত্রী খাল পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন। বিশ্ব খালটি ডাকাতিয়া নদী হতে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়। এর আগে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখননস্থলে পৌঁছে প্রথমে ফলক উন্মোচন করেন এবং খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত