
স্থানীয় সরকারের নির্বাচনে সংঘাত-সহিংসতার অতীত তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামীতে অনুষ্ঠেয় এ ভোটে তিনি কোনো রক্তপাত দেখতে চান না। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনফ্রেলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় সরকারের নির্বাচনে সহিংসতা নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের তথ্য তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ২০১৬ সালে স্থানীয় সরকারের ভোটে ২৩৬ জন মারা গেছে। ২০২১ সালে ইউপি ভোটে ১১৩ জন মারা গেছে। “আশির দশকে এরশাদের শাসনামলে স্থানীয় নির্বাচনে অনেক মার্ডার হয়েছে। মারামারি করে আহতদের দিয়ে হাসপাতালগুলো ভরে যেত। এ সহিংসতা থামাতে হবে। সহিংসতা থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।” সিইসি বলেন, “রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই, সুন্দরভাবে কনডাক্ট করতে চাই।” স্থানীয় সরকারের ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে ভোটের প্রস্তুতি চলছে। ধাপে ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন চলতি বছর নাগাদ শুরুর পরিকল্পনা রয়েছে। নির্দলীয় এ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তাও চান নাসির উদ্দিন।