ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রামিসার বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে

বললেন জামায়াত আমির
রামিসার বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে

শিশু রামিসা আক্তার হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি তুলে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিচারকে ‘দীর্ঘসূত্রতায়’ ফেলতে অভিযুক্তরা এখন আরো নাম বলছে; তার ভাষায় এটি একটি ‘চক্রান্ত’।

গতকাল সোমবার বিকালে রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন জামায়াত আমির। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন রামিসার বাবা হান্নান মোল্লা।

পরে সাংবাদিকদের শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দাবি জানাই, রামিসা হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। কোনো আলামতের প্রয়োজন নেই, আলামত স্পষ্ট। অভিযুক্ত ও তার স্ত্রী কোনভাবেই রেহাই পেতে পারে না। এ দুজনকে বিচারের আওতায় আনতে হবে। এখন ধানাই পানাই করে আরো কারো নাম বলতে পারে বিচারকে দীর্ঘসূত্রিতায় ফেলতে। এটি একটি চক্রান্ত। রামিসার বিচার নিয়ে কোনো তামাশা করা হোক, আমরা তা চাই না।’

গতকালই সকালে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা বলেন, আগামী ৭ জুন বাজেট অধিবেশন শুরু হবে। ওই দিন রামিসা হত্যার বিচার দ্রুত করার বিষয়টি তিনি সংসদে উত্থাপন করবেন।

তিনি বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট- যারা এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যারা এভাবে আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারী এদের বিচার লম্বা হওয়া মানে হলো, এদেরকে সহযোগিতা করা। অন্যায়ের পক্ষ নেওয়া, দুস্কৃতকারীর পক্ষ নেওয়া। শুধু রামিসার জন্য না, এ দেশের প্রত্যেকটি মেয়ের বাবা, দাদা ও নানা হয়ে আমি দাঁড়াব, ইনশাআল্লাহ। লড়াই চলবে, এ লড়াইয়ে মানবতার বিজয় হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত