ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাহরাইন কুয়েত ও জর্ডানে ইরানের হামলা

বাহরাইন কুয়েত ও জর্ডানে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে ইরানি বন্দর ও দ্বীপগুলোতে মার্কিন বাহিনীর হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে তারা আঘাত হেনেছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে। গতকাল বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে এবং কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলি আল সালেমে ড্রোন যোগে আক্রমণ চালিয়েছে। এর পাশাপাশি জর্ডানে যুক্তরাষ্ট্রের আজরাক বিমান ঘাঁটিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ২১টি লক্ষ্যে আক্রমণ চালিয়েছে আর এগুলোর মধ্যে জর্ডানে একটি এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারসহ চারটি লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। তারা ইরানের জাম শহরের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করারও দাবি করেছে। সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র তাদের একটি অ্যাপাচি অ্যাটকা হেলিকপ্টার ইরান গুলি করে ভূপাতিত করেছে অভিযোগ করার পর দেশটির কেশম দ্বীপ ও সংলগ্ন বন্দরগুলোতে হামলা চালানোর জেরে। আইআরজিসি জানিয়েছে, মার্কিন হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেখানে দুটি পানির ট্যাংকি ধ্বংস হয়েছে।

ইরানি এই বাহিনীটি সতর্ক করে বলেছে, মার্কিন বাহিনীর যে কোনো সামরিক পদক্ষেপের ‘চূড়ান্ত ও বিধ্বংসী’ জবাব দেওয়ার জন্য তাদের বাহিনীগুলো পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে আর উত্তেজনার আরও বৃদ্ধি ঘটলে তার পরিণতির জন্য ওয়াশিংটনকে পুরো দায়-দায়িত্ব বহন করতে হবে। আইআরজিসির এই হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আজরাক বিমান ঘাঁটির দিকে ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়ে ধ্বংস করেছে, এর ফলে ‘ক্ষেপণাস্ত্রগুলোর শার্পনেল পড়লেও কেউ হতাহত বা কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি’। ইরানের হামলার কারণে বাহরাইন ও কুয়েতে আকাশ হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়।

আইআরজিসির বিবৃতি আসার আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা কুয়েতের আকাশসীমায় ‘শত্রুভাবাপন্ন এরিয়াল লক্ষ্যবস্তুগুলোকে’ বাধা দিচ্ছে। তবে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। আল জাজিরার তেহরান প্রতিনিধি জানিয়েছেন, সর্বশেষ এসব হামলা, পাল্টা হামলা সত্ত্বেও কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে ফেরত যেতে ইচ্ছুক না বলে ধারণা পাওয়া যাচ্ছে।

ইরানি বাহিনীর গুলিতে হেলিকপ্টার হারানোর পর পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের : তেহরান হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমনটি জানানোর পর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবারের এই হামলার পর সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে আর এতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে লিখেছে রয়টার্স।

সামাজিক মাধ্যম এক্স এ মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের এয়ার ডিফেন্স, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও নজরদারি রেডার স্থাপনাগুলোকে লক্ষ্যস্থল করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই অভিযানকে সম্প্রতি মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর চালানো হামলার ‘আনুপাতিক প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছে।

এবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি বিশ্বাস করি প্রতিক্রিয়াটি অত্যন্ত জোরালো, অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত আর এটি তাই হয়েছে।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টার দিকে (ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বিকাল ৫টা) আঘাত হানা শুরু হয় আর ভোররাত সাড়ে ৪টার আগে শেষ হয় (ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৯টার আগে) ।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপ ও বন্দর শহর সিরিকে হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও সূত্রগুলোকে উদ্ধৃত করে তারা জানায়, নিকটবর্তী বন্দর আব্বাসে ও পরে হরমুজ প্রণালীর প্রবেশ মুখের কাছে অবস্থিত জাস্ক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়াকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানিয়েছে, এ হামলার জবাবে পশ্চিম এশিয়ার কিছু মার্কিন ঘাঁটিকে লক্ষ্যস্থল করেছে ইরানি বাহিনী।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোনযোগে হামলা চালিয়েছে। শত্রুতা অব্যাহত থাকলে ‘আরও মারাত্মক জবাব’ দেওয়ার হুমকি দিয়েছে তারা।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক একটি সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়। এর কিছুক্ষণ পরই বাহরাইনের রাজার এক গণমাধ্যম উপদেষ্টা এক্স এ এক পোস্টে দাবি করেন, তার এয়ার ডিফেন্স ইরানি হামলা প্রতিহত করেছে। আল জাজিরা জানিয়েছে, ইরান বাহরাইনের পাশাপাশি কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানোর দাবি করেছে।

এসব বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি আর রয়টার্সও তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের একটি আত্মঘাতী ড্রোনের আঘাতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ট্রাম্প জানিয়েছেন, ওই হেলিকপ্টারের দুই পাইলট আঘাত পাননি আর তারা ‘ভালো’ আছেন। মঙ্গলবার এক ফোন কলে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন যে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ‘বড় কোনো ঘটনা নয়’ আর জোর দিয়ে বলেছেন, ‘পাইলটরা ভালো আছেন।’ ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে কোনো অভিযান পরিচালনা করেনি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনীর একটি সারফেস ড্রোন (মানুষ্যবিহীন জলযান) ওমানের উপকূলে হেলিকপ্টারটির দুই ক্রুকে খুঁজে পেয়ে উদ্ধার করে।

গত মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টার দিকে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে টহল দেওয়ার সময় সাগরে পড়ে বিধ্বস্ত হয়।

সেন্টকম হেলিকপ্টার বিধ্বস্তের কোনো কারণ জানায়নি। তারা শুধু জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টা পর ওই পাইলটদের উদ্ধার করা হয় আর তাদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল আছে। এটি ট্রাম্পের বর্ণনার চেয়ে আরও সতর্ক মূল্যায়ন।

ইয়েমেনের বালহাফ উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা : ইয়েমেনের বালহাফ উপকূল থেকে প্রায় ৮৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে হামলার মুখে পড়েছে একটি পণ্যবাহী জাহাজ। একটি ছোট নৌযানে করে ছয়জন সশস্ত্র ব্যক্তি ওই কার্গো জাহাজে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, ছোট নৌযানটির সঙ্গে পণ্যবাহী জাহাজের সশস্ত্র নিরাপত্তা দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর ফলে ছোট নৌযানটি পিছু হটতে বাধ্য হয়। সংস্থাটি আরও জানায়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এখন পর্যন্ত জাহাজটির পরিচয়, হতাহত বা ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান যুদ্ধবিরতি চললেও দুই পক্ষই নিজেদের রক্ষার্থে হামলার অভিযোগ করার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার ঘটনায় ইয়েমেন সংলগ্ন জলসীমা এবং এডেন উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের ওপর হামলা বন্ধ না হলে বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি দেয় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে, এই হামলার সঙ্গে হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন-ইসরায়েলি হামলা ঠেকানো উপসাগরীয় দেশগুলোর দায়িত্ব- ইরান : যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করতে না দেওয়ার ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে এসব দেশের। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন, বাস্তবায়ন বা সমর্থনের জন্য মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল যাতে কোনও দেশের ভূখণ্ড বা সুযোগ-সুবিধা ব্যবহার করতে না পারে, তা প্রতিরোধ করার জন্য অঞ্চলের সমস্ত দেশের, বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত দেশগুলোর আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় তেহরানের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানই ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ এবং ‘ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে একটি সমানুপাতিক জবাব’ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তীতে সেন্টকম হামলা সম্পন্ন করার ঘোষণা দিয়ে জানায়, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটগুলোতে আঘাত হেনেছে।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন অব্যাহত থাকলে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। পরবর্তীতে কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানোর ঘোষণা দেয় আইআরজিসি।

এক সপ্তাহের মধ্যে ইরান-মার্কিন চুক্তি হতে পারে- জেডি ভ্যান্স : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা কয়েক মাস পর্যন্ত চলতে পারে আবার এক সপ্তাহের মধ্যেও সমঝোতা হতে পারে। গতকাল বুধবার এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমার মনে হয় আমরা এমন একটি চুক্তির কাছাকাছি অবস্থানে আছি যা অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে এবং একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি কার্যকরভাবে মোকাবিলা করবে। শুধু এখন নয়, শুধু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের জন্য নয় বরং দীর্ঘমেয়াদে এমনভাবে যাতে আমার সন্তানরা বড় হয়ে বলতে পারে-ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। এটাই আমাদের নীতির লক্ষ্য এবং আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে, এখনও কিছু কাজ বাকি রয়েছে এবং আমরা তা চালিয়ে যাব। তিনি আরও বলেন, মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম) হওয়ার আগেই আমরা অনেক কিছু জানতে পারব। চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে, আবার কয়েক মাস পরেও হতে পারে।

ভ্যান্সের বক্তব্য থেকে বোঝা যায়, ওয়াশিংটন প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের দিকে নজর দিচ্ছে। তবে, আলোচনার অগ্রগতি সত্ত্বেও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হওয়া বাকি রয়েছে

ইরানের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত