ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

৮ নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

দেশের আট নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে সাতজনই বিএনপি নেতা। এসব নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেতন কাঠামোর গ্রেড-২ পদে তাদের এক বছরের চুক্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। আটজনের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু, রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত মোহাম্মদ সালাউদ্দীন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত মো. নুরুল করিমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব এস এম তুহিনুর আলম। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল : জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা এবং সরকারি আবাসন পরিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। এসব পদে রদবদল করে গত বৃহস্পতিবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ১৭ জুনের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাঁকে ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। আর বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার নতুন উপব্যস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত