
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেইসঙ্গে কাতারের মাধ্যমে দেশটির জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার কোম শহর সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান এ ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলছে।’
তিনি বলেন, এই অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানের জনগণের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার, বিশিষ্ট ব্যক্তিত্ব এমনকি স্কুলশিক্ষার্থীদের হত্যার পরও জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকার ঐক্যবদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে।
তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বশক্তি দিয়ে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে দেশটিকে দুর্বল করে ফেলবে বলে মনে করেছিল। কিন্তু জনগণের প্রতিরোধ ও ঈশ্বরের সহায়তায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
পেজেশকিয়ান আবারও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করছি যে, আমাদের পারমাণবিক কার্যক্রম দেশের প্রয়োজন এবং ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’ তিনি আরও দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে এই চুক্তি মেনে নিতে বাধ্য করেছে। তবে ইসরায়েল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো চুক্তির বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, জনগণের জন্য খাদ্য ভর্তুকির ঋণসুবিধা বাড়ানোর মতো সহায়তামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালীর যৌথ ব্যবস্থাপনা নিয়ে ইরান- ওমান বৈঠক : হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওমানের সঙ্গে বৈঠক করেছে ইরান। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের এই ঘোষণার আগে এক মার্কিন কর্মকর্তা জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ে বিরোধ মেটাতে পুনরায় আলোচনায় ফিরতে সম্মত হয়েছে তেহরান ও ওয়াশিংটন।
হরমুজ প্রণালীর সীমান্তবর্তী দুই দেশ ওমান ও ইরান। এ পথেই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ও রপ্তানি করা হয়। অন্তত, উপসাগরীয় অঞ্চলে সংঘাত দেখা দেওয়ার পর বিষয়টা এমনই ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। সে সময় থেকে আলোচনার টেবিলে বাড়তি সুবিধা পেতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখে তেহরান। এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘হরমুজ প্রণালী’ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক মাধ্যম দিয়ে বলেন, ‘মাসকাট সফরকালে যুগ্ম হরমুজ কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে (হরমুজ) প্রণালী নিয়ে যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা ভবিষ্যৎ ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে মত বিনিময় করেছি।’
কয়েক ঘণ্টা আগেই ওই মার্কিন কর্মকর্তা জানান, সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি বিষয় নিয়ে কারিগরি আলোচনা যথারীতি চলবে। আপাতত উভয়পক্ষই তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং এখন থেকে জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।
যুক্তরাষ্ট্রের এই বিবৃতির বিপরীতে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ সর্বপ্রথম নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা বন্ধে দুই পক্ষের সম্মত হওয়ার খবর জানায়। সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার কাতারে পুনরায় এই আলোচনা শুরু হবে। তবে ওই মার্কিন কর্মকর্তা মঙ্গলবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেননি।
গত রোববার ইরান হুশিয়ারি দেয়, কোনো জাহাজ তাদের নির্ধারণ করে দেওয়া পথ এড়িয়ে ভিন্ন পথে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে ‘অস্থিরতা বাড়বে’। হরমুজ প্রণালীর ওমান ও ইরান, উভয়ের উপকূল দিয়ে বয়ে গেছে। তবে আন্তর্জাতিক আইন ও প্রচলিত নীতি অনুযায়ী, উভয় দেশের কেউই এই পথ বন্ধ বা চলাচলের জন্য টোল আদায় করতে পারে না। তেহরান বারবার হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে গেছে, যা সংঘাতের জন্ম দিয়েছে।
সর্বশেষ রোববার সকালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বারবার ‘বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টির’ কারণে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটির বিরুদ্ধে হামলা চালায় ইরান। উভয় দেশ এসব হামলার নিন্দা জানিয়েছে। ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের উপকূলসংলগ্ন নৌপথ ব্যবহার করতে হবে। তবে চলতি সপ্তাহে কয়েক ডজন জাহাজ প্রণালীর বিপরীত পাশে ওমানের উপকূল ঘেঁষে চলাচল করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান যে ব্যবস্থায় প্রণালী পরিচালনা করছে, তার বাইরে নতুন বা ভিন্ন কোনো ব্যবস্থা চালুর চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করবে। এতে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে আরও দেরি হবে এবং উত্তেজনাও বাড়বে।’ সমঝোতা স্মারকের প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে ওমান ও উপসাগরীয় অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নির্ধারণ করবে ইরান।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তারা নতুন ব্যবস্থা নিচ্ছে। কেউ এসব নির্দেশনা লঙ্ঘন করলে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যত দিন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে, তত দিন এই অঞ্চলে ওয়াশিংটনের ‘আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন’ বাস্তবায়িত হবে না। বিশেষজ্ঞদের ধারণা, হরমুজ প্রণালীকে ঘিরে এ ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনা সামনে আরও বাড়তে পারে।
লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের কর্মকর্তা এইচ এ হেলিয়ার বলেন, ‘দীর্ঘায়িত আলোচনা এবং একই সঙ্গে প্রণালীতে নিয়ন্ত্রিত চাপ বজায় রাখার কৌশল ইরানের জন্য লাভজনক হতে পারে।’ এ পর্যন্ত উভয় পক্ষের এসব ঘটনার বেশির ভাগেই হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এলাকায় চলমান সামরিক অভিযানের সময় ছিটকে আসা গোলার ধাতব টুকরার আঘাতে একটি নৌকায় থাকা কাতারের এক নাগরিক নিহত হয়েছেন।
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের : বাহরাইনকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, উসকানি দেওয়া হলে বাহরাইনে আরও শক্তিশালী হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বাহরাইনের উদ্দেশ্যে বলেছেন, বাহরাইন যেন নিজেদের সীমা মেনে চলে। নিজেদের ভাগ্য নিয়ে এমন খেলা বন্ধ করার জন্য তাদের গুরুত্বের সঙ্গে সতর্ক করা হচ্ছে।
বেলায়েতি আরও বলেন, বাহরাইন যেন ইরানকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে।
গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে হামলা চালায় ইরান। মার্কিন হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। ইরান মনে করে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে।
তবে উপসাগরীয় দেশগুলো ইরানের এই দাবি অস্বীকার করেছে। বাহরাইন এই সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকার বলেছে, এই হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। একই সঙ্গে এটি অঞ্চলের স্থিতিশীলতা ও উত্তেজনা হ্রাসের সুযোগকে নষ্ট করেছে।
বাহরাইনে বিশাল সংখ্যক শিয়া জনগোষ্ঠীর বসবাস রয়েছে। গত কয়েক মাসে দেশটিতে বেশ কিছু নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তেহরানের সঙ্গে সামরিক সম্পর্ক থাকার অভিযোগ এনেছে বাহরাইন সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।