
চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৫ ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছর একদিনে সর্বোচ্চ দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত মারা যাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮। এর মধ্যে চলতি জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। শেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মধ্যে ২ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। ১ জন করে মৃত্যু হয়ে ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন এলাকায়। তাঁদের মধ্যে এক কিশোরীসহ ৩ জন নারী। অপর দুজন পুরুষ।
শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৯২৪। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০০ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন। চলতি মাসে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৭২৭।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন রয়েছেন বরিশালে। এ ছাড়া চট্টগ্রামে ২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭, উত্তর সিটিতে ১৬, খুলনায় ১৪, রাজশাহীতে ৮ এবং ময়মনসিংহে ও ঢাকা মহানগরের বাইরে ২ জন করে রয়েছেন। সাধারণত বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে। বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোয় অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ উষ্ণ সময় ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। এখন সংক্রমণ আগেভাগে শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে।