ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী তারা ৯ম গ্রেডের বেতন-ভাতা পাবেন। পদায়নের আগ পর্যন্ত তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাই ২০২৬ তারিখের সুপারিশের ভিত্তিতে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, আইন ও বিচার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদায়নের আগে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে তাদের বেতন নির্ধারণ করা হবে জাতীয় বেতনস্কেল-২০১৫-এর ৯ম গ্রেড অনুযায়ী। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদেশের অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, হিসাবরক্ষণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি সরকারি গেজেটে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত