ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানে লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজা

ইরানে লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির  জানাজা

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে (স্থানীয় সময় ৮টা ও বাংলাদেশ সময় সাড়ে ১০টা) লাখো মানুষ এ জানাজায় অংশ নেন। ছিলেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকারসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজায় ইমামতি করেছেন।

জানাজায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি ইজেই উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন খামেনির তিন ছেলে- মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি।

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলের কফিনের পাশে শোকাহত মানুষের শ্রদ্ধা ও প্রার্থনা। এ ছাড়া জানাজায় অংশ নেন ইরানের অভিজাত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।

আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন। তেহরানে আজ এ নেতার প্রতি শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত নয়নে তাঁরা নেতার জানাজায় অংশ নেন।

জানাজা উপলক্ষে রোববার পুরো ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় প্রয়াত নেতার লাশ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানান্তর করা হবে। আগামীকাল সোমবার রাজধানীজুড়ে শোকমিছিল হবে।

শোকমিছিল শেষে আগামী মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নিয়ে যাওয়া হবে কোম নগরীতে। এরপর বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে শোকযাত্রা হবে নাজাফ ও কারবালা শহরে। সেখানেও শোকাহত মানুষ তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানাবেন। অনুষ্ঠিত হবে জানাজা।

এরপর আয়াতুল্লাহ আলী খামেনির লাশ তাঁর জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ফিরিয়ে আনা হবে। সেখানেই তাঁকে দাফন করার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। গুরুতর আহত হন মোজতবা খামেনি। ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ খামেনি ইরান শাসন করে আসছিলেন।

খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি মন্তব্য করেন, বিশ্বনেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে গভীরভাবে আনন্দিত করেছে।

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান হয়ে থাকবে। খামেনির জানাজা উপলক্ষে তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি এ তথ্য জানিয়েছেন। তবে যেসব দেশ সাম্প্রতিক সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এই ফি আরোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলেও তেহরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তি অনুসারে প্রথম ৬০ দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়াই প্রণালি পার হতে দেওয়া হবে। তবে এই সময়সীমার পর কী নিয়ম চালু হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা নেই। রাষ্ট্রদূত ফাজলি বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামে বলেন, কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, নতুন এই ফি আদায়ের ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই বিশেষ ছাড় বিবেচনা করা হবে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনায় ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান। প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে পড়ায় সেখানে সার্ভিস ফি আরোপ করা হবে। তবে এটিকে কোনো টোল বা জোর করে কর আদায় বলা যাবে না। ফাজলি বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি তদারকি করা এবং প্রণালিতে বিপুল সংখ্যক জাহাজ চলাচলের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা মোকাবিলা করা।

নাইজেরিয়ায় খামেনির স্মরণে শোকানুষ্ঠান, জানানো হলো শেষ শ্রদ্ধা : ইরানের সর্বোচ্চ নেতা শহিদ ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে নাইজেরিয়ায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার নাইজেরিয়ার জনগণ অন্যান্য মুসলিম দেশের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শোকানুষ্ঠানে অংশ নেন এবং খামেনিকে শেষ শ্রদ্ধা জানান। এই শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীরা খামেনির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার আত্মত্যাগের কথা স্মরণ এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান। এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প। সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারক নিয়ে সমঝোতায় পৌছায় দুই পক্ষ। অ্যাক্সিওস এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত