ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়

হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়

সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না- হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন (আপিল বিভাগ)। এর অর্থ হলো, ফৌজদারি অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির নাম এজাহারে না থাকলেও, তদন্ত কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন অবশ্যই করতে পারবেন।’ এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

একই সঙ্গে সংশ্লিষ্টদের বারবার গ্রেপ্তার দেখানো এবং শুধু হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানো কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়। পাশাপাশি নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদন শুনানি নিয়ে গতকাল এই আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত