ঢাকা রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাথমিকে যোগ দিচ্ছে ১৪ হাজার শিক্ষক

প্রাথমিকে যোগ দিচ্ছে ১৪ হাজার শিক্ষক

আগামী অক্টোবর মাসে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হচ্ছে। গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘সভাশেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।’ প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, যোগদান ও পদায়নের দাবিতে আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক। আজ বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি করার কথা রয়েছে তাদের। এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ ঘোষণার পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কর্মসূচি স্থগিত করবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত