ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৫ জন মারা গেছে ঢাকা বিভাগে
হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামে চার জন এব ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তখন থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জন প্রাণ হারিয়েছে। আর ৯৬ জন মারা গেছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১১১ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ২২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪৬ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৮৩ জন, রাজশাহীতে ২৬, সিলেটে ৬৩, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১৪২, ময়মনসিংহে ৬৫, খুলনায় ২২, রংপুরে ৪৫ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৬২০। যার মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ সহাজার ৮৩। শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫।

ডেঙ্গুতে একদিনে ২ জনের প্রাণহানি : মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে একই সময়ে নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪৯ জন, খুলনা বিভাগের ৮১ জন, রাজশাহী বিভাগের ২৯ জন, রংপুর বিভাগের ১৬ জন, বরিশাল বিভাগের ৫৪ জন এবং সিলেট বিভাগের ৪ জন রোগী রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৬ হাজার ৭৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬৮৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৭৮৯ জন, খুলনা বিভাগের ২ হাজার ৬৪ জন, রাজশাহী বিভাগের ৬১২ জন, রংপুর বিভাগের ৩৪৮ জন, বরিশাল বিভাগের ৩ হাজার ৪২৫ জন এবং সিলেট বিভাগের ১০৩ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৯৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছেন ১ হাজার ১১৮ জন রোগী। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত