
সারা দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু। (সোমবার, ৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪৭টি শিশু মারা গেছে। এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৭। এই সময়ে ৯০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হলো। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৫৯ জন। ৭৮ জন ভর্তি হন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ১২৫ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৮১ জন, চট্টগ্রামে ৭৯ জন, খুলনায় ৬৭ জন ও ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ২২ জন, রংপুরে ৩১ জন এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৬ হাজার ৬৮৪ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫ হাজার ৩৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।