ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন কাল

আগামীকাল রোববার বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান। এরপর তিনি নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হবেন। বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল রোববার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সরকার গঠনের পর এপ্রিলে ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও পরে আর সেই কর্মসূচি হয়নি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম চট্টগ্রামে আসছেন তারেক রহমান।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আগামী ৯ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের কথা রয়েছে। সফরে তিনি সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারীর মানুষের খোঁজখবর নেবেন।’ আগামীকাল রোববার চট্টগ্রামে পৌঁছে দুপুরে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহাছড়া ইউনিয়নে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা ১২টা ২০ মিনিটে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারের কাছে নতুন ঘর ও চাবি হস্তান্তরের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেবেন। হাটহাজারীতেও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।’

বাঁশখালীতে অনুষ্ঠান শেষে হেলিকপ্টার যোগে বেলা দেড়টায় ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে সড়কপথে যাবেন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়।

রোববার বেলা দুইটার এই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এ বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক বলেন, ‘মাদ্রাসায় আলেমণ্ডওলামা ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। দেশের শীর্ষ আলেমদের সঙ্গে মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে।

‘হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে ওই সভায় আমাদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাব। উনার আগমন উপলক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।’

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে সমন্বয় করে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা করছে বলেও জানান আজিজুল হক। ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী।

হাটহাজারী মাদ্রাসায় প্রধানমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন বলে জানান আজিজুল হক।

পরে রোববার বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব স্থানে উনি যাবেন, সেসব স্থানে ব্যবস্থাপনার কাজ চলছে। মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে।’

কাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার কর্মসূচি রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। বিভিন্ন জেলায় গেলে তিনি এভাবে স্থানীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করেন।

‘আমরা প্রস্তুত আছি। নেতাদের মধ্যে এ নিয়ে খুব আগ্রহ। চট্টগ্রামের নেতারা সবাই একসঙ্গে দলীয় চেয়ারম্যানের সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত