ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের সহযোগিতা চায় বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের সহযোগিতা চায় বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান ও সবুজ বিনিয়োগে বাংলাদেশ ও নরওয়ের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের স্বচ্ছতা বাড়ানো, চাহিদা নিরূপণ এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ে নরওয়ের কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রী বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিত করা, বিদ্যুতের প্রকৃত চাহিদা নিরূপণে দক্ষতা বাড়ানো এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে নরওয়ে সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় বাংলাদেশের অফশোর বিডিংয়ে নরওয়ের অংশগ্রহণ, নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়ায় নরওয়ের চলমান অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। মন্ত্রী বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজীয় বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত