ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও ডেঙ্গুতে শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু

হাম ও ডেঙ্গুতে শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু

সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১২ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯১২ জন। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে ২ জনই চট্টগ্রাম বিভাগের। এরমধ্যে একজন চট্টগ্রাম ও অন্যজন নোয়াখালীর। আর একজন শিশুর ঢাকায় মৃত্যু হয়েছে। হালনাগাদ প্রতিবেদন আরও বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জনে। এছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তবে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর দুই সিটি কর্পোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭২ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৪, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৪৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৭৩, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬১, খুলনা বিভাগে ৬০, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৩৩ ও বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬৫ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ। আর মোট শনাক্ত আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী হলেও মোট মৃত্যুর ক্ষেত্রে নারীদের হার বেশি, যা ৫২ দশমিক ১ শতাংশ। প্রতিবেদন আরও বলছে, চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত