
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে ৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ১৯ জন। হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু বরিশাল বিভাগে, ১৯ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৫৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৬৯, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৮১৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৩১ জন। ঢাকা বিভাগে ভর্তি ২৬০ জন, চট্টগ্রামে ২০০, সিলেটে ১২১, বরিশালে ৬০, খুলনায় ৩১, ময়মনসিংহে ৩৬, রাজশাহীতে ১৯ ও রংপুরে ৪ জন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫০ হাজার ২০২। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮। হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ১ হাজার ৫৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৪৬ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৯৯ জন, ময়মনসিংহে ৪৮ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৫০ হাজার ২৭৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।