ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে ঝরল ১১ প্রাণ

হামের উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে ঝরল ১১ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও মশাবাহিত ডেঙ্গুতে ভুগে শিশুসহ আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গুতে আটজন ও হামে তিনজনের প্রাণ গেছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭১ হাজার ৫৩৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন খুলনার এবং তিনজন ঢাকা বিভাগের। যার মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ২৭৬ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাহিরে) ২৮০ জন, চট্টগ্রাম বিভাগের ২০৯ জন, বরিশাল বিভাগের ২০৪ জন, খুলনা বিভাগের ২৪১ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ৫৩ জন ও ময়মনসিংহ বিভাগের ১১২ জন রয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে। এ মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। এদিকে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬৬ জন।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।

গত ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এ সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। এ সময়ের মধ্যে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৬ জন এবং নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যেখানে নতুন ভর্তি হয়েছেন ৩২২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯৯ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, সিলেট বিভাগে ১৩১ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৫ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত