ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ঠেকাতে ফের টিকা ক্যাম্পেইন লক্ষ্য ৩৪ লাখ শিশু

হাম ঠেকাতে ফের টিকা ক্যাম্পেইন লক্ষ্য ৩৪ লাখ শিশু

টিকা দেওয়ার পরেও হামের প্রকোপ কমছে না; সে কারণে আবার 'বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন' শুরু করেছে সরকার, যেখানে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে (মপ-আপ) টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। সে জন্য আগে থেকেই বাদ পড়া শিশুদের তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) তাদের মাঠপর্যায়ে চিঠি দিয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে ১২ লাখ শিশুর তথ্য পাওয়ার কথা বলেছেন ইপিআই।

যদিও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ঢাকার কড়াইলে বিশেষ কর্মসূচি উদ্বোধনকালে বলেছেন বাদ পড়া ২৪ লাখসহ ৩৪ লাখ শিশুকে মাসব্যাপী এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হচ্ছে। আগের মতোই ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সি শিশুরা টিকা পাবে। তিনি বলেছেন, "আমরা নতুনভাবে আজকে ৩৪ লাখ বাচ্চাকে টার্গেট করেছি। এর মধ্যে ১০ লাখ নতুন করে ছয় মাস বয়সে পৌঁছানো শিশু, বাকি ২৪ লাখ আমাদের আগে বাদ পড়া শিশু। "৩৪ লাখ বাচ্চাকে আমরা এই ক্যাচ-আপ প্রোগ্রামে আওতাভুক্ত করেছি দেশব্যাপী।" এ শিশুদের তালিকা কীভাবে করা হয়েছে? টিকার পাওয়ার যোগ্য শিশুরা আবারও বাদ পড়বে না তো? এমন প্রশ্ন ওঠেছে। এছাড়া যাদের টিকা দিলে হামের সংক্রমণ বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি, আসলেই তারা সবাই টিকা পাবে? বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এভাবে টিকা ক্যাম্পেইন করে খুব ভালো ফলাফল পাওয়া যাবে না। তাদের দাবি, দেশে যে পরিমাণ শিশুর ইমিউনিটি ঘাটতি রয়েছে তাতে ছয় মাস থেকে অন্তত ১৫ বছর বয়সিদের টিকার আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া ব্যাপক জনসচেতনতা প্রয়োজন, যার ঘাটতি হামের প্রাদুর্ভাবের শুরু থেকেই রয়েছে। হামে শিশু মৃত্যু বেড়ে যাওয়ায় সমালোচনা ও বিক্ষোভের মুখে সরকার ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। এরপর দুই দফায় টিকা দেওয়া হয়। তিন কর্মসূচিতেই ছয় থেকে ৫৯ মাস বয়সি শিশুরা টিকা পেয়েছে। গত ১৪ মে ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে টিকা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর লক্ষ্যমাত্রার শতভাগ 'কাভারেজ' বা শতভাগ শিশুকে টিকাদান সম্পন্ন হওয়ার তথ্য প্রকাশ করে।

জাতীয় পুষ্টিপ্রতিষ্ঠানের তথ্য অনুসারে, গত ২৮ জুন ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যাদের বয়স ৬ থেকে ৫৯ মাস। এ হিসেবে হামের টিকা না পাওয়ার শিশুর সংখ্যা ৪৩ লাখ ৬০ হাজার ৫০৯।

সর্বশেষ ২৩ সেপ্টেম্বরের স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বুলেটিনে দেখা যায়, সারাদেশের আট বিভাগে ১ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৬১৫ জনকে টিকা দেওয়া হয়েছে। যা কাভারেজের হিসেবে ১১০ দশমিক ২ শতাংশ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত