
নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকার ১টি পৌরসভা ও ২২টি ইউনিয়নের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, ১ আসনে উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৪ জন। মোট ভোট কেন্দ্রে-১৮৫টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১১৫টি। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি সদস্য, ২ হাজার ৪০৫ জন আনসার সদস্যসহ সার্বক্ষণিক স্টাইকিং ফোর্স, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এছাড়াও নির্বাচিত নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোন ক্যামেরা, বডি অন ক্যামেরাসহ কে-ডগ ইউনিটের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২২ আগস্ট রাষ্ট্রপতি শপথগ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আজ ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যসহ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় সবব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ১৩ অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম জানান, নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে ড্রোন, ডগ স্কোয়াড, বডিঅর্ন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।