ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফল আমদানিতে বিশেষ সুবিধা

ফল আমদানিতে বিশেষ সুবিধা

পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় কমিয়ে ভোক্তাদের স্বস্তি দিতে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কমলা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রমজানে বহুল চাহিদাসম্পন্ন এসব ফলের আমদানি ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। তবে এর সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে পৌঁছাতে বাজার তদারকি জোরদার করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রমজান এলেই দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাহিদা বেড়ে যায়। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, চাল, ডাল, পেঁয়াজ, ছোলা, মসলা ও খেজুরসহ বিভিন্ন ফলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এবার এ ধরনের অপতৎপরতা ঠেকাতে এবং রমজানের আগেই প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ তিনটি ফল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্কের পরিবর্তে ৫ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। অর্থাৎ খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক কমানো হয়েছে ২০ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভারের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে কমলা ও আপেল আমদানিতে করভার প্রায় অর্ধেক কমবে। গতকাল রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়।

সংশ্লিষ্টদের মতে, রমজানে খেজুরের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকে। ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ হওয়ায় এ সময় খেজুরের বাজারে বাড়তি চাপ তৈরি হয়। একইভাবে কমলা ও আপেলের চাহিদাও বেড়ে যায়। আমদানিতে শুল্ক-কর কমানোর ফলে আমদানিকারকদের ব্যয় কমার পাশাপাশি বাজারে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং ভোক্তাদের জন্য সহনীয় দামে পণ্য সরবরাহ নিশ্চিত করা সহজ হতে পারে।

তবে শুধু শুল্ক-কর কমালেই বাজারে এর ইতিবাচক প্রভাব নিশ্চিত হবে না। আমদানিতে যে পরিমাণ ব্যয় কমবে, তার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। আমদানিকারক থেকে পাইকারি ও খুচরা পর্যায় পর্যন্ত পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। একই সঙ্গে মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অযৌক্তিক মুনাফার প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর নজরদারি প্রয়োজন।

ভ্যাট আইন সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন : এদিকে মন্ত্রিসভার একই বৈঠকে 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন খসড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রবর্তিত প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা সংশোধনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার সুযোগ রাখা হয়েছিল। তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পরবর্তী সময়ে বিধানটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬' জারি করেন। এখন জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধনী আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে অধ্যাদেশটিকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ তৈরি হলো।

রমজানের বাজার নিয়ন্ত্রণে ফল আমদানিতে শুল্ক-কর হ্রাস এবং রাজস্ব ব্যবস্থাপনায় ভ্যাট আইনের সংশোধনী-মন্ত্রিসভার বৈঠকে অর্থনীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট এই দুই বিষয় গুরুত্ব পেয়েছে। এখন সরকারের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন, আমদানি পরিস্থিতি এবং বাজার তদারকির কার্যকারিতার ওপর নির্ভর করবে সাধারণ ভোক্তারা কতটা সুফল পান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত