
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে 'সন্ত্রাসী গোষ্ঠী' আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের চুতর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গতকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, এই বাংলাদেশকে আবারো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে এবং বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে- এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসীরা দেশ এবং জনগণের বিরুদ্ধে আবারো সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই, দেশে পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে। এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যে সকল গণতান্ত্রিক দল আছেন সকলের প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সময়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
মাইকিং করে গত মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, স্থানীয় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানিসহ নেতাকর্মীদের বাড়ি ঘরে কায্যকমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লৗগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলে বলি, যে আওয়াজ আজকে থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া তুলেছিলেন- দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন। আবারো আজ সেই আওয়াজ তুলে বলি, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই হোক আজকের অধিবেশনের এই অধিবেশনের শেষ শপথ, শেষ প্রত্যাশা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব, আমাদের সংসদ এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে আমরা সঁপে দেব না। জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে। তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই। আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদেরকে আবার চব্বিশের চেতনায় আমরা মাথা গুঁড়িয়ে দিতে চাই।