ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রায়ে সন্তুষ্ট আশ্রিত রোহিঙ্গারা দেশে ফিরতেও আগ্রহী

রায়ে সন্তুষ্ট আশ্রিত রোহিঙ্গারা দেশে ফিরতেও আগ্রহী

ইউরোপের দেশ নেদারল্যান্ডসের হেগে স্থাপিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে জড়ো হয়েছিলেন হাজার হাজার রোহিঙ্গা মুসলিম। এ দিন ওই আদালতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম গণহত্যার ঐতিহাসিক রায় দেয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার দেখানোর আয়োজন করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমার সামরিক জান্তার গণহত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করা হলে নিজ দেশে ফিরে যেতেও আগ্রহী বলে জানিয়েছেন তারা।

সুত্র মতে, উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন শিবিরে নারী-পুরুষ, শিশু ও বয়স্ক রোহিঙ্গাদের একসঙ্গে বসে আদালতের রায় দেখতে দেখা গেছে। ওই সময় অনেককে আবেগাপ্লুত হয়ে চোখে অশ্রু গড়াতেও দেখা গেছে। তাদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি, আবার কেউ দুহাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাতেও অংশ নেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন ও গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। রোহিঙ্গাদের কাছে আইসিজে'র এই রায় কেবল একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নয়; বরং ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়া এবং দীর্ঘদিনের শরণার্থী জীবনের অবসানের স্বপ্নের সঙ্গেও জড়িয়ে আছে ঐতিহাসিক এই রায়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আইসিজে'র প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পাঠ শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হলে উখিয়ার ক্যাম্পগুলোতে বড় পর্দায় তা দেখার জন্য রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রোহিঙ্গাদের প্রত্যাশা, এই রায়ের মধ্যদিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক স্বীকৃতি ও জবাবদিহিতার পথ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়বে এবং তাঁদের নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ডা. মোহাম্মদ জুবায়ের বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলেছে বলে তারা মনে করছেন। তবে তাদের মূল প্রত্যাশা নিজ দেশে ফিরে যাওয়া।

তিনি বলেন, এখন আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই। সেখানে আমাদের জন্য নিরাপদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দিলে আমরা নিজ দায়িত্বে ফিরে যাব। আমাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে তাঁরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজে'র রায় নিয়ে তাঁরা আশাবাদী। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আইসিজের রায়কে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গারা যেন শান্তিপূর্ণভাবে আদালতের কার্যক্রম দেখতে পারেন, সে বিষয়েও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত