ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী হত্যা

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলামকে (২১) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুলাই আন্দোলন চলছিল।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ও গুলি করে। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত