ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাজে ফিরেছেন শ্রমিকরা

মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য

মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার পর শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। কর্মবিরতিতে থাকা শ্রমিকদের বড় একটি অংশ কাজে ফিরেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভের পর সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে। নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিক নেতাদের কাজে ফেরার আহ্বান এবং মালিকপক্ষের উৎপাদন স্বাভাবিক রাখার তাগিদ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে কারখানাগুলোতে উৎপাদন সচল হওয়ায় তৈরি পোশাকশিল্পেও স্বস্তি ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। তবে কয়েকটি কারখানায় এখনও কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে। এ ছাড়া আরও কয়েকটি কারখানা বন্ধ রয়েছে।

তবে অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। মালিকপক্ষের ঘোষিত ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে অনেক শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এর আগে নতুন মজুরি ঘোষণার পর গত বুধবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বাসসকে বলেন, মালিক ও শ্রমিকপক্ষ এবং মজুরি বোর্ডের অন্যান্য সদস্যদের ভোটাভুটির মাধ্যমে যে সিদ্ধান্ত এসেছে, তা শ্রমিকদের প্রত্যাশার পুরোপুরি প্রতিফলন না ঘটালেও বর্তমান বাস্তবতায় তারা এটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত ঘোষিত মজুরি কত দ্রুত এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়, তা নিশ্চিত করা।

নাজমা আক্তার বলেন, নতুন মজুরি ঘোষণার পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ চলছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বলে তিনি আশাবাদী। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও নতুন মজুরি ঘোষণাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকার তুলনামূলক কম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করেছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন থেকে ফিরে আসবেন এবং নতুন উদ্যমে কর্মস্থলে কাজে যোগ দেবেন।

এদিকে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উপদেষ্টা শ্রমিকনেতা হুমায়ুন কবির খানও নতুন মজুরি মেনে শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী মজুরি নির্ধারিত না হলেও দেশের শিল্প অর্থনীতি, রপ্তানি বাণিজ্য ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।

হুমায়ুন কবির খান বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিধান করা হয়েছে। এতে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। মজুরি বোর্ডের সব সদস্য নতুন কাঠামোয় স্বাক্ষর করেছেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষের এ সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।

তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দর কমে যাওয়ায় নতুন মজুরি বাস্তবায়ন শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলোর ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়বে। এ পরিস্থিতিতে শ্রমিক-মালিকের মধ্যে সহযোগিতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা জরুরি।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, তৈরি পোশাকশ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ গ্রেডে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা।

তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা করা হয়েছে। তাদের মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। চতুর্থ গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর গত মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত