ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বেলজিয়াম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট ঘোষণা দিয়েছেন, এই মাসের (সেপ্টেম্বর) শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ম্যাক্সিম প্রেভোট গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ প্রেভোট লেখেন, বেলজিয়াম ইসরায়েলের ওপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ‘ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা’। তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে’ এই ঘোষণা করা হয়েছে।

এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এরপরে অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অবশ্য কিছু দেশ বলেছে, তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়। এই বছরের এপ্রিল পর্যন্ত, প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের ৭৫ শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে, এরমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এ ঘোষণা এমন সময় এলো যখন প্রায় দুবছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশি।

গত জুলাই মাসে, বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতায় অংশগ্রহণের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত