
সাধারণত ডাকবাক্স রাস্তার পাশে কিংবা ডাকঘরের সামনে দেখা যায়। কিন্তু জাপানে এমন একটি ডাকবাক্স রয়েছে, যেখানে চিঠি পাঠাতে হলে ডুব দিতে হয় সমুদ্রের গভীরে! দেশটির সুসামি উপসাগরের তলদেশে বসানো এই ব্যতিক্রমী ডাকবাক্সে ১৯৯৯ সাল থেকে প্রতিবছর জমা পড়ছে দেড় হাজারেরও বেশি চিঠি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে তৈরি এই ডাকবাক্স এখন চিঠি পাঠানোর এক অভিনব অভিজ্ঞতা।
জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের সুসামি উপকূলের কাছে সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়েছে এই বিশেষ ডাকবাক্স। সাধারণ ডাকবাক্সের মতো এটি কোনো রাস্তার পাশে কিংবা ডাকঘরের সামনে রাখা নয়। বরং চিঠি পাঠাতে হলে সমুদ্রের পানির নিচে ডুব দিয়ে সেখানে পৌঁছাতে হয়। ডাকবাক্সটি সমুদ্রের তলদেশে শক্তভাবে স্থাপন করা হয়েছে। জাপান পোস্টও এটিকে চিঠি পাঠানো ও গ্রহণের ডাকবাক্স হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ১৯৯৯ সালে স্থানীয় পর্যটনশিল্পের প্রসার এবং এলাকায় আরও বেশি পর্যটক আকৃষ্ট করার উদ্দেশে এটি স্থাপন করা হয়।