
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ সম্পন্ন হলে সেখানে স্থানান্তর করা হবে।
খবর সামা টিভির। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নকভি বলেন, ‘ইসলামাবাদ কারাগারের নির্মাণকাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন, তাই তাকে ইসলামাবাদ কারাগারেই স্থানান্তর করা হবে।’
এদিকে, পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ফেডারেল পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। তিন মাস আগে একটি কোর্স শুরু করা হয় এবং দিন-রাত পরিশ্রমের মাধ্যমে ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি মাত্র তিন মাসেই সম্পন্ন করা হয়েছে।’