
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবকের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেয়ারবক বর্তমানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পরবর্তী মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের এখতিয়ারে হস্তক্ষেপ করছেন।
নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বেয়ারবক যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন, তা বিতর্কিত।
রাশিয়ার রাষ্ট্রদূতের এ সমালোচনা যুক্তরাষ্ট্রের এক দিন আগে করা সমালোচনার সঙ্গে মিলে যায়। আগের দিন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেয়ারবকের বিরুদ্ধে ‘ভণ্ডামি’র অভিযোগ তুলেছিলেন।
জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফকে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত ক্রিস্টোফ হয়গেন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এ সমালোচনা অযাচিত এবং মোটেও কাম্য নয়।
এই সাবেক রাষ্ট্রদূতের মতে, এর পেছনে মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের মধ্যে পুরোনো একটি বিরোধ রয়েছে। বিশেষ করে নতুন মহাসচিব নিয়োগ ও নির্বাচন নিয়ে দুই সংস্থার মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।