ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নাগরিকদের আরও 'বিনোদন' দিতে চান কিম

নাগরিকদের আরও 'বিনোদন' দিতে চান কিম

সাধারণত বিনোদন বা উপভোগের সাথে যে দেশটির নাম সহজে মেলানো যায় না, সেই উত্তর কোরিয়ায় এখন বইছে বিনোদনের নতুন হাওয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নাগরিকদের সম্পদ খরচ করার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিচ্ছেন। চীন থেকে আসা কাস্টমস ডেটা অনুযায়ী, গত এক দশকে উত্তর কোরিয়ায় ম্যাসাজ সরঞ্জামের আমদানি ৪০ গুণ এবং ট্রেডমিলের শিপমেন্ট ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। এ ছাড়া প্রচুর পরিমাণে পিয়ানো ও বাম্পার কার বা বিনোদনমূলক গাড়িও দেশটিতে প্রবেশ করছে।

বাণিজ্য পরিসংখ্যান এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা ছাড়াও পাঁচ জন সাম্প্রতিক ভিজিটর ও দুই জন দলত্যাগী ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, এই ভোগ্যপণ্যের জোয়ার লাক্সারি মল, সমুদ্র সৈকত ও স্কি রিসোর্ট পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল জীবনের ছোটখাটো বিলাসিতা বাড়ানোর বিষয় নয়। সরকারি নিয়ন্ত্রণে থাকা বিনোদন ও খুচরা নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত ব্যয়কে পরিচালিত করার মাধ্যমে কিম বাণিজ্যের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করছেন, অনানুষ্ঠানিক বাজারগুলোকে সংকুচিত করছেন এবং পারমাণবিক শক্তিধর এ দেশের জন্য রাজস্ব ও প্রবৃদ্ধির নতুন উৎস উন্মোচন করছেন।

সিউলভিত্তিক থিংক ট্যাংক হুন্দাই রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা ফেলো কাং সিওং-হিউন জানান, এই কৌশলের মাধ্যমে বাজারে ঘনীভূত উৎপাদন, বণ্টন এবং মূলধন প্রবাহকে রাষ্ট্র পরিচালিত একটি আনুষ্ঠানিক অর্থনৈতিক পরিসরে টেনে আনা হচ্ছে। অস্ত্র কর্মসূচি বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিলাসপণ্য, জ্বালানি ও খনিজ বাণিজ্যের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ায় ভোগের সুযোগ ক্রমশ বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উত্তর কোরিয়ার অর্থনীতি ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা টানা তৃতীয়বারের মতো ৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি।

রাজধানী পিয়ংইয়ংয়ের এ পরিবর্তন বিদেশিদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। গত মে মাসে পিয়ংইয়ং সফরের পর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান রাজধানীর অগ্রগতিকে 'অসাধারণ' বলে অভিহিত করে জানান যে এটি পূর্ব এশিয়ার যেকোনও আধুনিক শহরের মতোই মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই করা ভিডিও অনুযায়ী, পিয়ংইয়ংয়ে গত বছর চালু হওয়া রাংনাং আইজুক কুমগাং সার্ভিস কমপ্লেক্স নামক বিলাসবহুল মলে বাসিন্দারা কফি পান করছেন এবং হোম অ্যাপ্লায়েন্স দেখছেন। এছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রশংসিত হুয়াসং তাইদংগাং বিয়ার রেস্তোরাঁতেও ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। গত এপ্রিলে কিম তার মেয়ে কিম জু আয়ের সাথে একটি নতুন পোষা প্রাণীর দোকান পরিদর্শন করেন।

দক্ষিণ কোরিয়ার গবেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সি চুরি, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য সেনা মোতায়েন এবং কয়লা ও অন্যান্য খনিজ রফটানির মাধ্যমে প্রাপ্ত রাজস্ব দিয়ে পিয়ংইয়ংয়ের এই বিনোদন উৎসবের অর্থায়ন করা হচ্ছে। সিউলভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির প্রাক্কলন অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ততার মাধ্যমে উত্তর কোরিয়া ১,৪৪৫ কোটি ডলার পর্যন্ত উপার্জন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত