
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জোটের ১১টি দেশের শীর্ষ নেতারা। আর এই বিশ্বনেতাদের চোখ থেকে দারিদ্র্য আড়াল করতে দিল্লির 'বসন্ত বিহার কুলি ক্যাম্প' নামের একটি বস্তিসহ বেশ কিছু নিম্ন-আয়ের এলাকা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা দিল্লিতে আসার আগেই শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা বস্তির সামনে ফুটপাথজুড়ে সাদা-নীল কাপড়ের পর্দা টানিয়ে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দিল্লির ভাসন্ত বিহারের কুলি ক্যাম্প নামের বস্তিটির সামনের প্রধানসড়ক দিয়েই সম্মেলনস্থল ভারত মান্ডাপ্পানে যাতায়াত করছেন বিশ্বনেতারা। বিদেশি অতিথিদের যাতায়াতের পথ থেকে বস্তিটি আড়াল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তির বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি এভাবে ঢেকে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সময়ও এই বস্তিটি সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এবার ব্রিকস সম্মেলন উপলক্ষেও এলাকাটি আড়াল করা হয়েছে। বস্তিবাসীদের মতে, এই বস্তির অধিকাংশ বাসিন্দাই দিনমজুর বা ছোট ব্যবসায়ী। রাস্তাঘাট ঘিরে কাপড় ও ব্যানার দেওয়ার কারণে এবং নিরাপত্তা কড়াকড়ির ফলে তাদের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে পড়েছে, যা তাদের দৈনন্দিন উপার্জনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।