ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সব হারিয়ে মুখ খুললেন মমতা

সব হারিয়ে মুখ খুললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও দীর্ঘদিনের নির্বাচনি প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এ রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

গত শুক্রবার দুই গোষ্ঠীর জন্য পৃথক নাম ও প্রতীক নির্ধারণের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ গণতন্ত্রের কালো অধ্যায় এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত কোনো গোষ্ঠীই 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম এবং দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। শুক্রবার কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর জন্য 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করেছে। বিরোধী গোষ্ঠীর জন্য দেওয়া হয়েছে 'ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস' নাম এবং খাম প্রতীক। এই ব্যবস্থা আগামী ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ক্ষেত্রে কার্যকর থাকবে।

এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, উপনির্বাচনের প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দলের নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার দাবি, এইভাবে একটি ২৮ বছরের পুরনো দলের নাম ও প্রতীক কেড়ে নেওয়া যায় না। মমতার কথায়, 'আজ গণতন্ত্রের কালো অধ্যায়। অগণতান্ত্রিক ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা অন্তর্বর্তী নির্দেশ হলেও আমরা মাথানত করব না।' তিনি বলেন, প্রতি পাঁচ বছর পরপর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছে। দলের সাংগঠনিক কাঠামো এবং নির্বাচনের যাবতীয় নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত