
কঠোর প্রচেষ্টা ও তৎপরতার মাধ্যমে ২০০০ সালে 'হাম নির্মূল' দেশ হওয়ার যে গৌরব অর্জন করেছিল যুক্তরাষ্ট্র, চলতি ২০২৬ সালে সেই মর্যাদা হারিয়েছে দেশটি। আমেরিকা মহাদেশভিত্তিক স্বাস্থ্য সংস্থা প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের শাখা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি 'হাম নির্মূল' দেশের মর্যাদা হারিয়েছে আমেরিকা মহাদেশভুক্ত দুই দেশ বলিভিয়া এবং মেক্সিকোও। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জারবাস বারবোসা বলেন, এটি একটি বড় ধরনের বিপর্যয়। তবে দেশগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার জন্য এরইমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। বলিভিয়া, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করা, নজরদারি বাড়ানো এবং প্রাদুর্ভাব মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
বারবোসা আরও বলেন, 'হাম নির্মূল' হওয়ার মর্যাদা হারানো কেবল একটি আনুষ্ঠানিক স্বাস্থ্যগত স্বীকৃতি খোয়ানোর ব্যাপার নয়; বরং এটি নির্দেশ করে যে, ভাইরাসটি দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়েছে এবং তার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রতিরোধযোগ্য অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্রের 'জনস হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ গবেষক ডা. আমেশ আদালজা বলেন, 'পাহোর এই ঘোষণা কেবল একটি দৃশ্যমান বাস্তবতাকে আনুষ্ঠানিক রূপ দিল।