
যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্ত মেনে নিলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কোনো সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান 'খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে'। তিনি বলেন, ইরান নিজের প্রতিশ্রুতি পালনে অবিচল রয়েছে। অন্য পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব এসব প্রতিশ্রুতি পূরণ করা হবে।
তবে একই সঙ্গে ইরান নিজের লক্ষ্য ও জনগণের অধিকার সম্পর্কে সচেতন বলেও উল্লেখ করেন বাঘাই। তিনি বলেন, 'এসব অধিকার রক্ষায় ইরান পিছু হটবে না'।