
হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা। গত সোমবার গভীর রাতে সংস্থাটি এ তথ্য জানায়।
আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল। আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, দখলদার মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌ মাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে।