ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদাগাস্কারে সরকার পতন

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল জেন জিরা

প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল জেন জিরা

জেন জি আন্দোলনে সরকার পতন হলেও এখনও রাস্তা ছাড়েনি মাদাগাস্কারের তরুণরা। প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে, রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

গত সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়ে তরুণদের সঙ্গে সংলাপের জন্য ‘পরিসর তৈরির’ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে এবং লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।

তবে আন্দোলনকারীরা তার বক্তব্যে হতাশা প্রকাশ করে ফেসবুক পেজে জানায়, তারা প্রেসিডেন্ট ও সদ্য বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা চান। একই সঙ্গে রাজধানীর প্রশাসককেও অপসারণের দাবি জানান। এসব দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন তরুণরা। এদিন রাস্তায় নেমে আসা অনেকে প্ল্যাকার্ডে লিখেছেন, ‘আমাদের পানি চাই, আমাদের বিদ্যুৎ চাই, রাজোয়েলিনা পদত্যাগ করো।’ বেসরকারি চ্যানেল রিয়েল টিভি মাদাগাসিকার সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, গত মঙ্গলবার আন্তানানারিভোর রাস্তায় বিক্ষোভকারীরা মিছিল করছে। রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরের ফেনোয়ারিভো শহরেও বিক্ষোভ হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী থেকে ৫১০ কিলোমিটার দূরের মাহাজাঙ্গা এবং ৯৫০ কিলোমিটার দূরের দিয়েগো সুয়ারেজেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত