
প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট) বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা- ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ধাপে ধাপে বিএনপির কয়েকজন প্রার্থীর মনোনয়ন খারিজ করা হয়েছে। গফুর ভূঁইয়ার করা রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশের পর ইসির আইনজীবী মো. ফয়জুল্লাহ বলেন, ‘হাইকোর্ট গফুর ভূঁইয়ার করা রিট খারিজ করে দিয়েছেন। ফলে তার মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত বহাল থাকছে। এতে গফুর ভূঁইয়া আপাতত নির্বাচনে অংশ নিতে পারবেন না।’ এর আগে গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক অভিযোগ করে ইসিতে আপিল করেছিলেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি এ নিয়ে শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।