
সাময়িক বন্ধ থাকার ১৬ দিন পর দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে কারখানায় আনুষ্ঠানিকভাবে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক। এর আগে গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানা।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের ফলে কারখানাটির উৎপাদন ফের বন্ধ হয়ে যায়। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে চলতি মাসের ৬ তারিখে পুনরায় চালু হয় সার কারখানা। কারখানা চালু হওয়ার দুই দিন পর কারিগরি ত্রুটির কারণে গত ৮ অক্টোবর আবারো বন্ধ হয়ে যায়। কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে।