
নির্বাচনী প্রচারের আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা এবং নির্বাচনী এলাকার বাসিন্দাদের চাঁদা, অনুদান বা উপহার দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানিয়েছে ইসি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা যাবে না।’