
তিনজন ব্যক্তি মারতে মারতে রাস্তায় ফেলে দেন অপর একজনকে। পড়ে যাওয়ার পরও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাঁকে পেটানো হয়। গলির রাস্তায় ঘটে যাওয়া ঘটনাটি দেখছিলেন অনেকে। কিন্তু কেউই এগিয়ে আসেননি।
গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ব্যক্তির নাম খোরশেদ আলম। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সিসিটিভিতে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় চালক খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটি করছেন তিন ব্যক্তি। খোরশেদকে শুরুতে তাঁরা ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায়ও তাঁকে বেধড়ক পেটানো হয়।