
গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গমন করে। পথিমধ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ঐ মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। অতঃপর, উক্ত জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। উক্ত জেলেকে তার পরিবারের নিকট পৌছে দেওয়ার উদ্দেশে শরণখোলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।