
টানা সাত দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। গতকাল রোববার দুপুর পৌন ১টার দিকে রায়েরবাগ-শনিরআখড়া সড়ক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা জানান, গত সাত দিন ধরে তাদের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ৭ দিন গ্যাস না থাকায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।