
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করেছে। তারা বলছে, জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু বিগত সরকারের সময় কি হয়েছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব। মির্জা ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিও থেকে সুদে ঋণ নিয়েছেন তাদের কিস্তি দিতে হচ্ছে। ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।